ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা, ঢাকা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই ইয়াকুব আলী ও এসআই মো. আপেল মাহমুদের নেতৃত্বে ডিবির দুটি দল অভিযানে অংশ নেয়।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টা ৩৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর এলাকার শরীফ মার্কেট (বোডিং চৌরাস্তা) সংলগ্ন সড়ক থেকে ১০০ পিস ইয়াবাসহ মো. শাহ আলম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাতিরচর ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের মিরেরচর বাজারে আলী আজগর মেম্বারের বাড়ির সামনে সড়ক থেকে ৩৬ পিস ইয়াবাসহ মো. রিফাত হাসান (১৯) এবং ২৪ পিস ইয়াবাসহ রোজিনা বেগম (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

