আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ মিল্টন সরকার (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ রোডের নূর ফুডস অ্যান্ড রেস্টুরেন্টের সামনে শ্রীমঙ্গল-হবিগঞ্জগামী মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় চালক মোটরসাইকেলটি উল্টো দিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ আজিজুল গাফফারসহ পুলিশের একটি দল তাকে আটক করে।
আটকের পর মোটরসাইকেলের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে বলা হলে মিল্টন সরকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাঁর কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে রাত ৪টা ১৫ মিনিটে নম্বর প্লেটবিহীন নীল-কালো রঙের ইয়ামাহা ১৫৫ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার ও সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং এই চক্রের অন্যতম মূলহোতা। তিনি দীর্ঘদিন ধরে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে অজ্ঞাতনামা চোরাকারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন।
তিনি একেক সময় একেক নাম ব্যবহার করতেন। নিজেকে কখনো মিল্টন কুমার সাহা, কখনো মিল্টন সরকার, আবার কখনো মো. সোহেল হিসেবে পরিচয় দিতেন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রামে ২১টি, মৌলভীবাজারে ৫টিসহ ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন থানায় মোট ২৮টি চুরি মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

