সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরের সালুয়া ইউপি নির্বাচনে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

কুলিয়ারচরের সালুয়া ইউপি নির্বাচনে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে চায়ের কাপে বইছে আগাম ভোটের ঝড়। হাট-বাজার কিংবা মোড়ের আড্ডায়—সবখানেই এখন মুখ্য আলোচনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। ভোটারদের আস্থা অর্জন ও দোয়া প্রার্থনায় দিন-রাত ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা।

এরই ধারাবাহিকতায় কুলিয়ারচর উপজেলার ৬নং সালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন স্থানীয় রাজনীতিতে ক্লিন ইমেজের নেতা ও সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন।

গত ১২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ডুমরাকান্দা বাজারে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ প্রার্থিতা ঘোষণা দেন। পরে নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি ডুমরাকান্দা বাজারের প্রধান প্রধান সড়কে গণসংযোগ করেন।

প্রার্থিতা ঘোষণাকালে আবেগঘন বক্তব্যে আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। মহান আল্লাহর রহমতে আমার যা আছে, তা নিয়েই আমি সন্তুষ্ট। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সালুয়া ইউনিয়নের শোষিত, বঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গঠন করাই আমার মূল লক্ষ্য।

তিনি আরও জানান, আগামী শুক্রবার ডুমরাকান্দা বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের দোয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

সুধী সমাবেশ ও গণসংযোগকালে সালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের প্রয়াত মুছলেহ উদ্দিনের ছেলে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ১৯৯১ সালে সালুয়া ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, যুবদলের সহসভাপতি এবং উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ দল তাঁকে সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব প্রদান করে। বর্তমানে তিনি সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। রাজনীতির পাশাপাশি তিনি ঢাকায় ‘এনডিএন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস’-এর স্বত্বাধিকারী হিসেবে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।

এলাকাবাসীর মতে, দেলোয়ার হোসেন এলাকার একজন সুশিক্ষিত, সৎ, ধার্মিক ও পরোপকারী ব্যক্তিত্ব। বিপদে-আপদে কিংবা যেকোনো প্রয়োজনে তাঁর কাছে গিয়ে কেউ কখনো খালি হাতে ফিরে আসেননি। তাঁর এই পরিচিতি ও ক্লিন ইমেজ নির্বাচনে তাঁকে বেশ শক্ত অবস্থানে রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *