নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে ৬ কেজি শুকনা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকপুর এলাকার মৃত আমজাদ মন্ডলের ছেলে মো. লালচান মন্ডল (৩৫) এবং ছাতিয়ানগাছা এলাকার মো. আফাজ মন্ডলের ছেলে মো. মনিরুল ইসলাম (৩২)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২ (নাটোর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল মানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত লালচান মন্ডলের বসতঘরের গোয়ালঘরের মাঁচা থেকে বস্তায় মোড়ানো ৬টি পোটলায় মোট ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে এই গাঁজা সংগ্রহ করে নিজ বাড়িতে মজুত রেখেছিল। এ বিষয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

