কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা জেলা দক্ষিণ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় কেরানীগঞ্জের সায়মন কমিউনিটি সেন্টারে আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ব্যারিস্টার নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। সততা, নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

