বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের হাসনেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি বড় আমগাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক খালেকুজ্জামান (আমিন) ও তাঁর ভাই খাদেমুল ইসলামের বিরুদ্ধে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে ৮২০, ৮২৩ ও ৮২৮ নম্বর সাবেক দাগে তিন দাগে জমি দিয়ে হাসনেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।
অভিযোগ রয়েছে, সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেকুজ্জামান অবসরে যাওয়ার আগে ৮২৩ নম্বর দাগে বিদ্যালয় ও সীমানাপ্রাচীর নির্মাণ করেন। তবে ওই দাগের একটি অংশ বিদ্যালয়ের সীমানার মধ্যে না নিয়ে কৌশলে তাঁর ভাই খাদেমুল ইসলামকে ব্যবহারের সুযোগ করে দেন। এ ছাড়া ৮২০ নম্বর দাগের জমি অন্যত্র রয়েছে বলে জানা গেছে।
এ সুযোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাবেক প্রধান শিক্ষক খালেকুজ্জামান ও তাঁর ভাই খাদেমুল ইসলাম বিদ্যালয়-সংলগ্ন ওই দুটি আমগাছ বিক্রি করে দেন বলে অভিযোগ উঠেছে। সংবাদকর্মীরা সরেজমিনে গিয়ে আমগাছ দুটি কাটতে দেখতে পান।
তবে সাবেক প্রধান শিক্ষক খালেকুজ্জামান দাবি করেন, আমগাছ দুটি তাঁদের নিজস্ব জায়গায় রয়েছে।
এ বিষয়ে এলাকার সচেতন ও অভিজ্ঞ মহল সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

