সর্বশেষ :
19 Oct 2026, Mon

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল, জালিয়াতি করে বিপদে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল, জালিয়াতি করে বিপদে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধা আদালতে এফিডেভিটের কপিতে আইনজীবীর মাধ্যমে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে বিপদে ফেলার অভিযোগে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পলাশবাড়ী পৌরসভার মহেশপুর গ্রামের পূর্বপাড়ায় নিজ বাড়িতে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পলাশবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহেশপুর গ্রামের (পূর্বপাড়া) বাসিন্দা সাকোয়াত হোসেনের ছেলে আসাদুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর পিতার নাম জাতীয় পরিচয়পত্রে ‘মো. সাকোয়াত হোসেন’, পিতা ‘মানিকুল্ল্যা’ ও মাতা ‘শহর বানু’ লেখা রয়েছে, যা সঠিক নয়। তাই জাতীয় পরিচয়পত্র সংশোধনের লক্ষ্যে তিনি ও তাঁর পিতা গত ১৬ জুন ২০২৬ তারিখে গাইবান্ধা সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে আইনজীবী মো. গোলাম আজমের কাছে নাম সংশোধনের জন্য এফিডেভিট করার দায়িত্ব দেন।

উক্ত আইনজীবী নাম সংশোধনের এফিডেভিট করে দেবেন বলে তাঁদের অবহিত করেন। সে মোতাবেক আইনজীবী এফিডেভিটের কপি তৈরি করে তাঁর পিতার কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করেন। এতে তাঁর পিতার প্রকৃত নাম ‘মো. শওকত আলী’, দাদার প্রকৃত নাম ‘মৃত মানিক উল্লা সেখ’ এবং দাদির প্রকৃত নাম ‘মৃত শহর বিবি’ উল্লেখ করার কথা ছিল।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, উক্ত আইনজীবী মো. গোলাম আজম গাইবান্ধা সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদের স্বাক্ষর ও সিল জাল-জালিয়াতি করে তাঁর কাছে কাগজপত্র জমা দেন বলে অভিযোগ করেন আসাদুজ্জামান।

তিনি আরও জানান, উক্ত আইনজীবীর মাধ্যমে স্বাক্ষর ও সিল জালিয়াতির ঘটনায় তিনি মো. আসাদুজ্জামান, তাঁর পিতা মো. সাকোয়াত হোসেনসহ আরও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হুদা বাদী হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বাক্ষর ও আদালতের সিল জাল করার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

আসাদুজ্জামান বলেন, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও নিরপরাধ। তাঁদের দাবি, তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পাশাপাশি প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। একই সঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার।

এ সময় আসাদুজ্জামানের পিতা সাকোয়াত হোসেন, বড় ভাই আরিফ হোসেন, বড় বোন মমতা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *