আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। নিরক্ষরতা দূর করে প্রতিটি মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া ঝরে পড়া শিক্ষার্থী ও বয়স্কদের সাক্ষর জ্ঞান প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
তাঁরা আরও বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম মূল ভিত্তি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম জোবায়ের আলম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষার্থীরা।

