মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়ন কাজ ও ব্যতিক্রমী জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছেন বর্তমান ইউপি সদস্য হেলিম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ২ নম্বর ওয়ার্ডের সার্বিক চিত্র বদলে দিতে নিজেকে জনসেবায় উৎসর্গ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচিত হওয়ার পর থেকে ২ নম্বর ওয়ার্ডে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেছেন তিনি। এরই মধ্যে সরকারি অর্থায়নে লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া সাহেদ মেম্বারের বাড়ি থেকে শুক্কর আলীর বাড়ি পর্যন্ত রাস্তা, মৌলভী বাড়ির সহিদ মিয়ার বাড়ি থেকে বাবুরিয়া ঘাট পর্যন্ত রাস্তা, মৌলভী পাড়া আনু হোসেনের বাড়ি থেকে মৌলভী পাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তা, মৌলভী পাড়া আজিজ মিয়ার বাড়ি থেকে জিয়া উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা, পূর্বপাড়া মসজিদ থেকে ছমিউল্লাহ পাড়া মুর্শিদ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা, পূর্বপাড়া মজিবুর মিয়ার বয়লার থেকে আনোয়ার হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তা, কাচারি পাড়া নূরু কামারের বাড়ি থেকে সাজু মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা, মাতুয়ারকান্দা আসাদ মিয়ার বাড়ি থেকে লিটন মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা, আগরপুর-পুড়াদিয়া হাইওয়ে সড়কের সালাহ উদ্দিন ডাক্তারের বাড়ি থেকে গিয়াস উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা এবং লক্ষ্মীপুর বাজারের বিভিন্ন গলির রাস্তায় সলিংয়ের কাজ সম্পন্ন করেছেন ইউপি সদস্য হেলিম।
এ ছাড়া ছমিউল্লাহ পাড়া বিল্লালের বাড়ির পেছনে কালভার্ট নির্মাণ এবং লক্ষ্মীপুর বাজার থেকে কাচারি পাড়া নূরু কামারের বাড়ি পর্যন্ত রাস্তায় দৃশ্যমান মাটি ভরাট করেছেন। পাশাপাশি লক্ষ্মীপুর বাজারের পুরোনো পরিত্যক্ত শৌচাগার ভেঙে আধুনিক শৌচাগার নির্মাণ ও মাছ বাজারে নতুন শেড তৈরি করেছেন তিনি। শুধু তাই নয়, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সীমানা প্রতিরক্ষা দেয়ালও নির্মাণ করছেন।
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৩০০টি স্কুলব্যাগ বিতরণ, হতদরিদ্র ২০টি পরিবারের জন্য ল্যাট্রিন স্থাপন, ১০০ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ, ১০০টি বীজের ড্রাম এবং স্থানীয় তরুণদের খেলাধুলার জন্য ৫০টি ফুটবল বিতরণ করেছেন এই জনপ্রতিনিধি।
উল্লেখ্য, ইউপি সদস্য হেলিম ২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া গ্রামের মরহুম মো. ফালু মিয়ার ছেলে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির একজন সক্রিয় নেতা।
এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও ২ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার আশাবাদ ব্যক্ত করেছেন। কাঙ্ক্ষিত উন্নয়ন অব্যাহত রাখতে তিনি ২ নম্বর ওয়ার্ডের সব স্তরের জনগণের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

