আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান আরিফ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি শুক্রবার বিকেলে কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম-মহল্লার রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় আরিফ সাধারণ নারী-পুরুষ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।
শোভাযাত্রা শেষে এক পথসভায় ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান বলেন, কুসুম্বা ইউনিয়নকে একটি আধুনিক ও মাদকমুক্ত ইউনিয়ন গড়তে চাই। তরুণদের কর্মসংস্থান, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।
তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও তরুণ সমাজকে সংগঠিত করার কাজে যুক্ত রয়েছেন। পরিচ্ছন্ন রাজনীতি ও জনসেবার অঙ্গীকার নিয়ে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে কুসুম্বা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এভাবে তাঁর পাশে থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

