মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরের কৃতী সন্তান ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস. এম. সাইফুজ্জামান ক্যান্সার বিষয়ে চিকিৎসাশাস্ত্রের সর্বোচ্চ ডিগ্রি এমডি (অনকোলজি) অর্জন করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারস্থ গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
৪ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতালের পক্ষ থেকে ডা. এস. এম. সাইফুজ্জামানের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, পরিচালক খাদিজা আক্তার ও ম্যানেজার হাসানসহ চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা।
জানা গেছে, ডা. এস. এম. সাইফুজ্জামান দেশের শীর্ষস্থানীয় চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) দীর্ঘ পাঁচ বছর সফলভাবে পড়াশোনা ও গবেষণা শেষে এ উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে মহাখালীস্থ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসাসেবা প্রদান করছেন।
এদিকে কুলিয়ারচরের মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত করার লক্ষ্যে ডা. এস. এম. সাইফুজ্জামান প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন। এলাকার একজন সন্তান ক্যান্সার চিকিৎসায় উচ্চতর ডিগ্রি অর্জন করে স্থানীয় রোগীদের সেবায় এগিয়ে আসায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।

