নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুরে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) মোমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে মেসার্স মদিনা এগ্রো এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. মোহন আলীকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। অভিযানে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির বিষয়টি ধরা পড়লে ব্যবসায়ী মো. মোহন আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসাইন। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান, রণজিত কুমার সিংহ ও মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান, কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধভাবে সার মজুদ ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

