সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরের নলডাঙ্গায় পাটুল হালতি বিলে রাতভর ভ্রাম্যমাণ আদালত, ৫ জনের কারাদণ্ড ও ৩৩ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গায় পাটুল হালতি বিলে রাতভর ভ্রাম্যমাণ আদালত, ৫ জনের কারাদণ্ড ও ৩৩ হাজার টাকা জরিমানা

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হালতি বিলে মাদকবিরোধী ও অবৈধ মাছ শিকারবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৩টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সিংড়ার বারোইহাটি গ্রামের মো. মোসলেমের ছেলে মো. সেলিম (৪০) ও খোরশেদ আলমের ছেলে মো. সেন্টু প্রামাণিক (৩০)। তাদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই এলাকার আসাদুজ্জামানের ছেলে মো. মিল্লাত (১৯), আফজাল হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২৫) এবং মো. শফিকুল ইসলামের ছেলে মো. স্বাধীন (১৯)-কে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়। বড়বারইহাটি গ্রামের ফেলু প্রামাণিকের ছেলে মো. মহসিন (৬০)-কে ৯ হাজার টাকা এবং ঢাকঢোল গ্রামের মৃত আসিরের ছেলে মো. চান্দু (৫৪)-কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ১৯ ধারায় নগরমাঝগ্রাম গ্রামের আফজালের ছেলে মো. সোহান (২১)-কে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে মোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি দুটি নৌকা জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানার পুলিশ সদস্য, আনসার সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং পোনা মাছ নিধন রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *