সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে বর্ণিল ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খাগড়াছড়িতে বর্ণিল ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): বর্ণিল আয়োজন ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

পরে খাগড়াছড়ি পৌর টাউন হলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা। শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আসছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা স্মরণ করে তিনি বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সবসময় সক্রিয় ভূমিকা পালন করে যাবে। পাশাপাশি পাহাড়ে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বর্তমান বিএনপি সরকার ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকুসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির শুভ সূচনা করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *