আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং এলাকায় ক্রীড়া চেতনা জাগ্রত করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধানগরে ‘ফুটবল টুর্নামেন্ট-২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
‘খেলাধুলার জন্য খেলুন, মাদক সেবন থেকে দূরে থাকুন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম নয়ন, বিশিষ্ট মৎস্যচাষি আলহাজ মো. মঞ্জুরুল ইসলাম, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহিনুর ইসলাম শাহিন এবং অনুষ্ঠানের সার্বিক আয়োজক ও পৌর ছাত্রদল নেতা, কাউন্সিলর পদপ্রার্থী মো. রাকিব সরদার।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে এলাকার যুবসমাজকে সুস্থ বিনোদন দেওয়া এবং তাদের মাদক থেকে দূরে রাখাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।
রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি ক্রীড়াপ্রেমী সবাইকে টুর্নামেন্টে উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছে। খেলাধুলার প্রসার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
উদ্বোধনী খেলায় অংশ নেয় রামতনু একাদশ ও ফেনতাড়া একাদশ।

