সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিকে ৪ মাসের কারাদণ্ড

কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিকে ৪ মাসের কারাদণ্ড

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছির মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বীরকাশিমনগর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে বাংলাদেশ আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বীরকাশিমনগর পশ্চিমপাড়ায় নাছির মিয়ার দুই কক্ষবিশিষ্ট টিনের ছাউনিযুক্ত বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়।

আটক নাছির মিয়া বীরকাশিমনগর পশ্চিমপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর নাছির মিয়ার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

মাদকবিরোধী টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *