সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির মোতালেব পেঁপে চাষে সফল

পাঁচবিবির মোতালেব পেঁপে চাষে সফল

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): কাঁচা-পাকা পেঁপে শুধু পুষ্টিকর ফলই নয়, এটি লাভজনক কৃষিপণ্যও। ভিটামিন এ, সি, ই, ফাইবার ও প্যাপেইন এনজাইমসমৃদ্ধ পেঁপে নিয়মিত খেলে হজমশক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে এবং ত্বক ও চোখের জন্যও উপকারী। এই পুষ্টিগুণ ও বাজারে চাহিদাকে পুঁজি করে সফলতার মুখ দেখছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের কৃষক মোতালেব হোসেন।

সীমান্তবর্তী এই গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে মোতালেব হোসেন গত বছর পরীক্ষামূলকভাবে ১০০টি বিদেশি জাতের ‘শাহী’ পেঁপের চারা রোপণ করেছিলেন। প্রথম বছরেই ভালো ফলন পাওয়ায় এ বছর উৎসাহিত হয়ে আড়াই বিঘা জমিতে ৮০০টি চারা লাগিয়েছেন। অনলাইনে বগুড়া-পঞ্চগড় থেকে ৫০ দিন বয়সী চারা সংগ্রহ করে জমিতে রোপণ করেন তিনি।

রোপণের সাড়ে পাঁচ মাসের মাথায় গাছে গাছে পেঁপে ধরতে শুরু করে। মোতালেব জানান, প্রতিটি গাছে ১ মণ থেকে আড়াই মণ পর্যন্ত পেঁপে ধরেছে। গত বছর কোনো কোনো পেঁপের ওজন ৭ কেজি পর্যন্ত হয়েছিল। তবে এ বছর অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁপের আকার কিছুটা ছোট হয়েছে এবং ফলনও তুলনামূলক কম হয়েছে।

তিনি বলেন, ধান, পাট, গম ও ভুট্টা চাষে যত খরচ হয়, তার তুলনায় পেঁপে চাষে খরচ অনেক কম। গাছেই যখন পেঁপে পাকতে শুরু করে, এ সময় বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়।

পেঁপে চাষে আরও এগিয়ে যেতে সরকারি সহযোগিতা চান তিনি। কৃষক মোতালেব বলেন, কৃষি অফিস ও সরকার যদি আমাদের মতো কৃষকদের প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা দেয়, তাহলে আমরা বড় পরিসরে পেঁপে চাষ করতে পারব।

এ বিষয়ে পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন বলেন, আমরা কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা, পরামর্শ এবং সরকারি অনুদান প্রদান করে আসছি। পাকা পেঁপে ফল হিসেবে এবং কাঁচা পেঁপে সবজি হিসেবে- উভয় রূপেই বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এটি ভিটামিন এ ও প্যাপেইন এনজাইমসমৃদ্ধ একটি ফল। উৎপাদন খরচ কম হওয়ায় এর চাষ বেশ লাভজনক। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা পেঁপে চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *