সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে যুবক নিহত

গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে যুবক নিহত

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের উপজেলার ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন মিয়া দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেন। তিনি মোটরসাইকেল চালানোর সময় অন্যরা তাঁর ভিডিও ধারণ করতেন এবং পরে সেসব ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করতেন।

সোমবার সকালে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরির সময় তিনি হ্যান্ডেল ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে আশপাশের লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক রনি বলেন, নিহত শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এতে তাঁর ফেসবুক পেজে প্রচুর ভিউ হতো। কিন্তু আজ একইভাবে ভিডিও করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি এসব ভিডিও তৈরি শুরু করেন। প্রায় পাঁচ মাস আগে তিনি বিয়ে করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *