সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে বাউয়েটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু, প্রকৌশল ও প্রযুক্তি গবেষণায় জোর

নাটোরে বাউয়েটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু, প্রকৌশল ও প্রযুক্তি গবেষণায় জোর

মনিরুল ইসলাম ডাবলু (নাটোর): নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ‘প্রকৌশল গবেষণা ও প্রযুক্তি’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে সংকেত প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগব্যবস্থা অত্যন্ত দ্রুত বিকশিত হচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন শিক্ষক ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়ের পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয়ের বাছাই করা মোট ৩২৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

সম্মেলনের মূল লক্ষ্য হলো গবেষক, শিক্ষাবিদ, প্রকৌশলী ও শিল্পখাতের বিশেষজ্ঞদের মধ্যে সাম্প্রতিক প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা। সম্মেলনে সিগন্যাল প্রসেসিং, তথ্যপ্রযুক্তি, যোগাযোগব্যবস্থা ও আন্তঃবিষয়ক গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া একাডেমিক গবেষণা ও শিল্পখাতের মধ্যে কার্যকর মেলবন্ধন তৈরি, শিল্প-শিক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফুর রহমান। সম্মেলনে সাধারণ চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কো ইয়ামাদা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইইই (IEEE) বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া, কারিগরি কর্মসূচি চেয়ার অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং সম্মেলন চেয়ার বাউয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গনি।

আগামীকাল সমাপনী আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শেষ হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *