আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): বৈশ্বিক মহামারিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাটের পাঁচবিবিতে গবাদিপশু (গরু) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এসডিএস এনজিওর প্রধান কার্যালয়ের সামনে গরুগুলো গরিব ও অসহায় মানুষের হাতে তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং এসডিএস এনজিওর সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট সদর উপজেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আয়বর্ধনমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০টি পরিবারের মাঝে গরুগুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জেলা ট্রেনিং অফিসার ডা. এস এম খুরশীদ আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, সংস্থার নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, সহকারী পরিচালক আঞ্জুমান আফরোজ, প্রশাসনিক কর্মকর্তা মো. আতাউর রহমান লিটন, সভানেত্রী গোলশান আরা গ্যালিনসহ উপকারভোগীরা।

