মনিরুল ইসলাম ডাবলু (নাটোর): নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বনপাড়া এলাকার মোল্লা হোটেল-সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর নাইট্রোজেনবাহী ট্রাকে থাকা গ্যাস নির্গত হয়ে আশপাশের ৩০০-৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, তরল নাইট্রোজেন বহনকারী একটি গাড়ি যশোরের বেনাপোল থেকে ঢাকায় যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বাইপাস এলাকার মোল্লা হোটেলের সামনে পৌঁছানোর পর গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। গাড়িতে প্রায় ৭০ লাখ টাকার তরল নাইট্রোজেন গ্যাস ছিল, যার প্রায় পুরোটাই বেরিয়ে যায়।
নিরাপত্তার স্বার্থে সবাই দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশের যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এর আগে গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নাইট্রোজেনবাহী আরেকটি ট্রাক উল্টে গিয়েছিল।

