সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় গ্রামবাসীর মুষ্টির চাল ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

নলডাঙ্গায় গ্রামবাসীর মুষ্টির চাল ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

মনিরুল ইসলাম ডাবলু (নাটোর): দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার হরিদা খলসী গ্রামের বাসিন্দারা। নারী-পুরুষ নির্বিশেষে গ্রামের মানুষ এই সংস্কারকাজে অংশ নিচ্ছেন।

রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদা খলসী গ্রামের সোনারপাড়া থেকে বানুরভাগ অভিমুখী রাস্তাটির সংস্কারকাজ শুরু করেন স্থানীয়রা।

স্থানীয়দের উদ্যোগে এলাকার প্রতিটি বাড়ি থেকে ‘মুষ্টির চাল’ সংগ্রহ করে একটি তহবিল গঠন করা হয়েছে। পাশাপাশি অনেকে নগদ অর্থও দিয়েছেন। যারা অর্থ বা চাল দিতে পারেননি, তারা স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা সংস্কারে অংশ নিয়েছেন।

স্থানীয়রা জানান, হরিদা খলসী গ্রামের সোনারপাড়া থেকে রাস্তাটি শুরু হয়ে বানুরভাগ গ্রামের প্রধান সড়কের সঙ্গে মিলেছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে যায়।

সংস্কারকাজ শুরুর আগেও প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তাটি কাদায় ভরে ছিল। কাদায় ঢেকে থাকা খানাখন্দে প্রায়ই দুর্ঘটনা ঘটত। এছাড়া এলাকার কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে ভোগান্তিতে পড়তে হতো। শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যাতায়াতেও তৈরি হতো নানা সমস্যা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিনেও রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না পাওয়ায় তারা নিজেরাই সংস্কারের সিদ্ধান্ত নেন। পরে আলোচনা করে রাস্তা মেরামত তহবিল গঠন করা হয়।

হরিদা খলসী গ্রামের বাসিন্দা মইন আলী বলেন, হাট-বাজারে যাতায়াতের জন্যও রাস্তাটি আমাদের একমাত্র ভরসা। অথচ প্রশাসন দীর্ঘদিনেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়নি। তাই আমরা নিজেরাই সংস্কারকাজে হাত দিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, স্থানীয় ইউপি সদস্যের কাছে রাস্তাটির স্থায়ী সমাধানের বিষয়ে সহযোগিতা চাওয়া হলেও একাধিকবার যোগাযোগ করে কোনো সহযোগিতা পাওয়া যায়নি।

৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান বলেন, রাস্তাটি এলাকাবাসীর নিজ উদ্যোগে সংস্কার করার খবর পেয়ে আমি আমার সাধ্যমতো তাদের সঙ্গে অংশগ্রহণ করেছি। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। রাস্তাটি পাকাকরণের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. হারুনুর রশিদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *