দোহার (ঢাকা): সাবেক তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও ধর্মবিষয়ক উপদেষ্টা এবং পদ্মা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ. আর. খানের জানাজার নামাজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ আসর বিকেল ৫টায় ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পদ্মা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় মরহুমের স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, পদ্মা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এআর খান বুধবার (৫ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

