সর্বশেষ :
19 Oct 2026, Mon

মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকারসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকারসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ইয়াবার একটি বড় চালান একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে মাদক কারবারিরা মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকার দিকে নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে এএসআই মো. রানা মিয়া, এএসআই জাহিদুল ইসলাম, এএসআই ইখতিয়ার হোসেনসহ পুলিশের একটি চৌকস দল বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডস্থ পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে অবস্থান নেয় এবং সন্দেহভাজন প্রাইভেটকারটি আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মুরাদ আলী মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রোডস্থ এসএমএস বাস কাউন্টারের সামনে থেকে তার দুই সহযোগী মানিক আহমদ ও সাব্বির আহমদকে আটক করা হয়।

পরে আসামিদের দেহ ও ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে দুটি শপিং ব্যাগে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ঢাকা মেট্রো-গ-১৫-৫৬০৫ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২), সাব্বির আহমদ (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন (৪৫)।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *