দোহার (ঢাকা): মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সোমবার (০৩ আগস্ট) ঢাকা জেলার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আল-আমিন বাজারে মাদকবিরোধী সমাবেশ ও সিসি ক্যামেরা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী হিরো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার পুলিশ পরিদর্শক মো. নুরন্নবী ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য একটি বড় হুমকি। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার আইনশৃঙ্খলা রক্ষায় যেমন সহায়ক, তেমনি অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, যুবসমাজ ও সাধারণ মানুষের মাঝে সিসি ক্যামেরা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা নিজ নিজ এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা আশা প্রকাশ করেন, জনসচেতনতা বৃদ্ধি, প্রশাসনের সহযোগিতা এবং সামাজিক ঐক্যের মাধ্যমে একটি নিরাপদ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা মাদক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

