মনিরুল ইসলাম, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী হালতি বিল সংরক্ষণ এবং এর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হালতি বিল সংরক্ষণ ও পর্যটন বিকাশ কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) উপজেলার পাটুল বাজারে আয়োজিত সভায় সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান।
সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, নৌকার মাঝিদের সভাপতি ও সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান হালতি বিলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ছোট, মাঝারি ও বড় নৌকার ভাড়া এবং চলাচলের সময় নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিটি নৌকায় লাইফ জ্যাকেট, টায়ার (লাইফ বয়া) ও বজ্রপাত-সংশ্লিষ্ট নিরাপত্তা সরঞ্জাম রাখার পাশাপাশি বৈধ নৌকার মাঝিদের নিবন্ধনের আওতায় আনা হবে।
এ সময় হালতি বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, দখল ও দূষণ রোধ, পর্যটনবান্ধব অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে বিলটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা পরিবেশগত ভারসাম্য বজায় রেখে পরিকল্পিত পর্যটন উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক এম. এ. হাফিজ, পিপরুল ও খাজুরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, হালতি বিলের নৌকার মাঝিদের সভাপতি-সম্পাদক, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নৌকার মাঝি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

