সর্বশেষ :
19 Oct 2026, Mon

রাত ১২টায় পুকুরপাড়ে আসলে মিলবে ফ্যামিলি কার্ড

রাত ১২টায় পুকুরপাড়ে আসলে মিলবে ফ্যামিলি কার্ড

নরসিংদী: নরসিংদীর শিবপুরে ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে’ এমন কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে। অভিযোগটি করেছেন এলাকার এক নারী।

সোমবার (২৭ জুলাই) অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগকারী নারীর দাবি, আশরাফ উদ্দিন আকন্দ তাকে গভীর রাতে পুকুরপাড়ে দেখা করতে বলেন এবং বিনিময়ে একটি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেন। এছাড়া, তার কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় সরকার ঘোষিত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।

তবে অভিযোগ অস্বীকার করে আশরাফ উদ্দিন আকন্দ বলেন, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি জানান, কয়েক মাস আগে তার পা ভেঙে যাওয়ায় এখনও পুরোপুরি সুস্থ নন। তাই রাত ১২টায় পুকুরপাড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। এছাড়া অভিযোগকারী পূর্বে তার কাছে ঈদের সময় চাল ও কাপড়ের স্লিপ চেয়েছিলেন, তা দিতে না পারার জের ধরেই এ অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *