ঢাকা: দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন- এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি, সর্বজনীন গ্রহণযোগ্যতা এবং সংকট মোকাবিলায় দক্ষতার কারণে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদের জন্য শক্তিশালী সম্ভাব্য প্রার্থী। তবে এ বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
এদিকে, রাষ্ট্রপতি পদ নিয়ে চলমান আলোচনা সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো মন্তব্য করতে চাননি।
অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করবেন। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

