বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর রবিবার (২৬ জুলাই) সকালে দুর্ঘটনাস্থল সংলগ্ন সাঙ্গু নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই (শুক্রবার) বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা উল্টে গেলে পর্যটক মাহিয়ান সাঙ্গু নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে আসা তিন সদস্যের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ মোট আট সদস্যের একটি উদ্ধারকারী দল দিনভর অভিযান চালালেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

অবশেষে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বিজিবির তিন্দু (তিন্দুমুখ) ক্যাম্প-সংলগ্ন নদীর ঘাটে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবি ও ফায়ার সার্ভিসকে জানালে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মাহিয়ানের মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।
নিহত জাওয়াদ উল ইসলাম মাহিয়ান ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি মো. হেলাল উদ্দীন ও মোছা. দেলোয়ারা আক্তারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মরদেহটি বর্তমানে বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

