সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের প্রতিবাদে ৭২ ঘণ্টার আলটিমেটাম, রাজপথ অবরোধের ঘোষণা

লামায় সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের প্রতিবাদে ৭২ ঘণ্টার আলটিমেটাম, রাজপথ অবরোধের ঘোষণা

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাতামুহুরী কলেজের প্রায় দুই একর সরকারি জমি জবরদখলের প্রতিবাদে এবং অভিযুক্ত ভূমিদস্যু সুমনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচি থেকে প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে জমি উদ্ধার না হলে আগামী ২৬ জুলাই থেকে পুরো লামা উপজেলা অচল করে দেওয়াসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

সমাবেশে বক্তারা জানান, ৩০৫ নম্বর গজালিয়া মৌজার সাপমারা ঝিরি এলাকার ১৭০ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত সরকারি মাতামুহুরী কলেজের মালিকানাধীন প্রায় দুই একর জমি দীর্ঘদিন ধরে স্থানীয় মো. সুমন (ওরফে চাঁন্দা সুমন/স্যান্ডেল সুমন) জবরদখল করে রেখেছেন। বক্তাদের অভিযোগ, প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে ওই ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে রেখেছেন।

লামায়-সরকারি-মাতামুহুরী-কলেজের-জমি-দখলের-প্রতিবাদে-৭২-ঘণ্টার-আলটিমেটাম,-রাজপথ-অবরোধের-ঘোষণা+f

সমাবেশ শেষে শিক্ষার্থীরা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১. আগামী ৭২ ঘণ্টার মধ্যে কলেজের জবরদখলকৃত দুই একর জমি থেকে দখলদারকে উচ্ছেদ করে কলেজের নিয়ন্ত্রণে বুঝিয়ে দেওয়া।
২. লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে বাদী করে অভিযুক্ত মো. সুমনের বিরুদ্ধে মামলা দায়ের এবং দ্রুত তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা।
৩. উদ্ধার হওয়া জমিতে সীমানা প্রাচীর নির্মাণ এবং কলেজের লোগোসংবলিত সাইনবোর্ড পুনঃস্থাপন।
৪. আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া বা শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনকারী ব্যক্তি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভিত্তিহীন পাল্টা মামলা প্রত্যাহার।
৫. জমি দখলের অভিযোগ পাওয়ার পরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে শিক্ষার্থীদের সামনে জবাবদিহির আওতায় আনা।

শিক্ষার্থীরা জানান, আগামী ২৬ জুলাইয়ের মধ্যে জমি উদ্ধার করে কলেজের কাছে বুঝিয়ে না দিলে তারা পরবর্তী কর্মসূচি হিসেবে কলেজে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ, অধ্যক্ষকে তাঁর বাসভবনে অবরুদ্ধ করা, শিক্ষকদের কার্যালয়ে প্রবেশে বাধা, লামা-চকরিয়া প্রধান সড়কসহ উপজেলার সব প্রবেশপথ অবরোধ করে যান চলাচল বন্ধ এবং প্রশাসনিক কার্যালয় ঘেরাও করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালন করবেন।

লামায়-সরকারি-মাতামুহুরী-কলেজের-জমি-দখলের-প্রতিবাদে-৭২-ঘণ্টার-আলটিমেটাম,-রাজপথ-অবরোধের-ঘোষণা++

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষা উপদেষ্টা (বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়) এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে সরকারি মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শামসুল আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম খাঁ, ইংরেজি বিভাগের প্রভাষক ইয়াসির আরাফাত, বাংলা বিভাগের প্রভাষক আখতার কামাল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনজুর-ই-এলাহী এবং দর্শন বিভাগের প্রভাষক সুমাইয়া আক্তার উপস্থিত ছিলেন।

এ ছাড়া কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। কর্মসূচিতে কলেজ ছাত্রদলের সভাপতি মো. তুষার, সিনিয়র সহ-সভাপতি মো. হাসান, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সদস্য মো. রাকিবুল ইসলামসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *