ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১০ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। শনিবার মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছে ইংলিশরা।
ম্যাচের প্রথমার্ধেই ডেকলান রাইস, এজরি কনসা ও বুকায়ো সাকার জোড়া গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির পর টানা তিন গোল করে ব্যবধান ৪-৩-এ নামিয়ে ম্যাচে ফেরে ফ্রান্স। তবে শেষ পর্যন্ত আরও দুই গোল করে ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
বিশ্বকাপ ইতিহাসে এটি যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ গোলের ম্যাচ। ১৯৮২ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচে দুই দল মিলিয়ে ১০ গোল হলো। একই সঙ্গে এটি বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডও।
এদিকে এই ম্যাচে একাধিক নেতিবাচক রেকর্ড গড়েছে ফ্রান্স। বিশ্বকাপ বা ইউরোর ইতিহাসে প্রথমবার কোনো ম্যাচের প্রথমার্ধেই চার গোল হজম করেছে দলটি। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম এক ম্যাচে ছয় গোল খেয়েছে ফরাসিরা। ফলে ১৪ বছর দায়িত্বে থাকার পর বিদায়ী ম্যাচে কোচ দিদিয়ের দেশমের শেষটা হলো হতাশায় ভরা।

