নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পোদ্দার বাজারে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অশুভ শক্তি বা অপশক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
ধর্মীয় অনুষ্ঠানটি সনাতন ধর্মাবলম্বীদের উৎসবমুখর অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

