আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের মধ্যে সেলাই মেশিন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সমাজে পিছিয়ে পড়া ও স্বাবলম্বী হওয়ার প্রত্যাশী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, একাডেমি সুপারভাইজার জহুরুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল আলমসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

