ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের বিরুদ্ধে সরকারি নির্দেশনা উপেক্ষার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১৫ জুলাই রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তবে অভিযোগ রয়েছে, চরভদ্রাসন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান প্রধানমন্ত্রীর উদ্বোধনের প্রায় এক ঘণ্টা ছয় মিনিট আগে, সকাল ৮টা ৫৯ মিনিটে উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ দেন।
অভিযোগকারীদের দাবি, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের আগে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন সরকারি চাকরি বিধিমালা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার পরিপন্থী। বিষয়টিকে তারা প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি অবজ্ঞাসূচক আচরণ হিসেবে উল্লেখ করেছেন।
এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকের (ডিজি) নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে সমন্বয় করে তাঁর বৃক্ষরোপণের পর দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করার কথা ছিল। প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে বৃক্ষরোপণের কোনো নির্দেশনা ছিল না।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের উপস্থিতিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের কাছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে বৃক্ষরোপণের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি লিংকের প্রসঙ্গ উল্লেখ করেন। তবে এ বিষয়ে তিনি সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।
ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) শাহিনা ফেরদৌসী এবং তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর উদ্বোধনী কর্মসূচির আগেই সরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করার ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

