বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুম সরদার, সহকারী বন সংরক্ষক মাসুম আলম, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম, জুলাই যোদ্ধা আবুল বাশার ও মো. আরফান, এনসিপির প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুধীসমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার এই ঐতিহাসিক আত্মত্যাগ ও বীরত্বগাথা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মুফতি ইব্রাহিম খলিল সাদেকী।

