ডেস্ক: সৌদি আরবে প্রবেশের জন্য ইস্যু করা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং দেশ থেকে বহিষ্কার (নির্বাসন) করা হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল দর্শনার্থী ও প্রবাসীকে ভিসার শর্তাবলি মেনে চলা এবং নির্ধারিত সময়ের মধ্যেই সৌদি আরব ত্যাগ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বসবাসের নিয়মাবলি, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত যেকোনো আইন লঙ্ঘনের তথ্য কর্তৃপক্ষকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অভিযোগ জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

