বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় বন্যাদুর্গত এলাকায় মোবাইল মেডিকেল হেলথ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় এবং বেসরকারি সংস্থা গ্রীন হিল-এর উদ্যোগে পৌরসভার হরিণঝিরি এলাকার কলাবুনিরপাড়ায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহায়তা প্রদান করে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বাংলাদেশ।
বন্যা-পরবর্তী সময়ে যাতে কোনো সংক্রামক রোগের প্রাদুর্ভাব না ঘটে, সে লক্ষ্যে মোবাইল মেডিকেল হেলথ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে শিশু, কিশোরী, গর্ভবতী ও দুগ্ধদায়ী মায়েসহ ২৫০ জন রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন মেডিকেল অফিসার ডা. সাদিকুর। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. কায়সার, সিনিয়র স্টাফ নার্স মো. ইমরান, স্বাস্থ্য পরিদর্শক সমীর বড়ুয়া, এমটিইপিআই মো. মোস্তফা এবং গ্রীন হিলের মিডওয়াইফরা। চিকিৎসাসেবার পাশাপাশি কিশোরী ও শিশুদের ইপিআই টিকাদান কর্মসূচিও পরিচালনা করা হয়।
এ সময় ৫০ জন গর্ভবতী ও দুগ্ধদায়ী মায়ের মাঝে বেবি কিট, বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মাঝে ডিগনিটি কিট এবং ৬০ জন কিশোরীর মাঝে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা (MHM) কিট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন UNFPA-এর প্রোগ্রাম অফিসার (SRHR) মো. জামান, জেলা কর্মকর্তা তিমুথি খেয়াং, জাপানগো এমআরএইচআর-এর জেলা সমন্বয়ক ডা. জনি চাকমা এবং গ্রীন হিল সংস্থার উপজেলা সমন্বয়ক মংশিস্রু মার্মা।
উল্লেখ্য, সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লামা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগের সংক্রমণের ঝুঁকি সৃষ্টি হয়। এ স্বাস্থ্যঝুঁকি কমাতে জরুরি ভিত্তিতে এই মোবাইল মেডিকেল হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।

