বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলার ৫ নম্বর সরই ইউনিয়নের ধুইল্যাপাড়া এলাকায় অবস্থিত হারেস মাল্টি ফার্ম-এর তিনটি বড় মৎস্য প্রজেক্টের বাঁধ ভেঙে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পাহাড়ি ঢলের তোড়ে ভেসে গেছে প্রজেক্টের বিপুল পরিমাণ মাছ।
সোমবার (১৩ জুলাই) সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, গত কয়েক দিনের টানা অতিবৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে সরই ইউনিয়নের বিভিন্ন এলাকার সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য প্রজেক্ট প্লাবিত হয়েছে।
ঢলের পানির তীব্র স্রোতে ধুইল্যাপাড়া এলাকার হারেস মাল্টি ফার্মের ১৫ একরজুড়ে বিস্তৃত তিনটি প্রজেক্টের বাঁধ সম্পূর্ণ ভেঙে যায়। এতে প্রজেক্টে থাকা প্রায় ৯০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মুহূর্তের মধ্যে ভেসে যায়। এছাড়া বাঁধের অবকাঠামোগত ক্ষয়ক্ষতিতে আরও লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
আকস্মিক এ বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন খামারি। হারেস মাল্টি ফার্মের স্বত্বাধিকারী হারেস কোম্পানি বলেন, টানা ভারী বর্ষণ আর পাহাড় থেকে নেমে আসা ঢলের তীব্র স্রোতে আমার স্বপ্নের মৎস্য প্রজেক্টের বাঁধগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। চোখের সামনে কোটি টাকার মাছ ভেসে গেল। ৭০ লাখ টাকা ব্যাংক ঋণ নিয়ে আমি এই প্রজেক্ট দাঁড় করিয়েছি। এই মুহূর্তে আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছি।
তিনি ভাঙনকবলিত প্রজেক্টের বাঁধগুলো দ্রুত সংস্কার এবং এ বিপুল ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসনের কাছে জরুরি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ জানান।
এদিকে পাহাড়ি ঢলে ইউনিয়নের গ্রামীণ রাস্তাঘাট ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিকে সরকারিভাবে সহায়তা প্রদান এবং দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
লামা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, হারেস মাল্টি ফার্মে ৯৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য তারা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের জন্য যদি সরকারি বরাদ্দ পাওয়া যায়, তবে ক্ষতির পরিমাণ বিবেচনা করে সহযোগিতা করা হবে।

