আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ঝিনাইল খাল খনন শেষে খালের উভয় পাড়ে বৃক্ষরোপণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইজিপিপি (EGPP) প্রকল্পের আওতায় খালপাড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তত্ত্বাবধানে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় এলাকার হতদরিদ্র ও দিনমজুর পরিবারের ১০৭ জন শ্রমিক দৈনিক ৫০০ টাকা মজুরিতে এ প্রকল্পে কাজ করছেন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে মাঝিনা ব্রিজসংলগ্ন ১ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ খালপাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। এর আগে জেলা প্রশাসক এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বক্কার সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, প্রকৌশলী মো. মোবারক হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মো. নাজমুল হক, ইউপি সদস্য আবু সায়েম, কাওছার মণ্ডল, আমিনুর ইসলাম আমু, বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন বাবু, স্থানীয় যুবদল নেতা মো. হযরত আলী, মো. সাদ্দাম হোসেন ও মেজবাউল উলুম মেজবাসহ অনেকে।

