আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় গ্রামবাসী ও বিজিবির তৎপরতায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই তিন ব্যক্তি এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
শনিবার ভোর ৪টার দিকে সীমান্তের ২৭৫/৮-এস সাব-পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ভোররাতে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে বিএসএফ তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের আটকে দিয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে তাদের আবার শূন্যরেখায় ফিরিয়ে দেয়। বর্তমানে সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে একজন হলেন নড়াইল জেলার হাফিজুর রহমান (৬৫)। তবে অপর দুই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবি ও বিএসএফের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিরসনে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

