আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারেক রহমান ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল।
বুধবার দুপুরে উপজেলার মহীপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন তিনি। বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় নিয়ে নিজ হাতে গাছের চারা রোপণ করেন তিনি।
হাসপাতাল চত্বরকে সবুজে ঘেরা, ছায়াঘন ও স্বাস্থ্যকর পরিবেশে রূপ দিতে এই সামাজিক বনায়ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ডাঃ তরুণ কুমার পালের সঙ্গে হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় রোগীর স্বজন ও স্থানীয়রা উপস্থিত থেকে এ উদ্যোগকে সাধুবাদ জানান।
ডা. তরুণ কুমার পাল বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে আমরা হাসপাতাল থেকেই কাজ শুরু করেছি। একটি সুন্দর, দূষণমুক্ত ও সবুজ পরিবেশ রোগীদের দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করবে। আমরা চাই প্রতিটি প্রতিষ্ঠান নিজ নিজ জায়গা থেকে গাছ লাগাক।
স্থানীয়রা জানান, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে এমন উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে। হাসপাতাল চত্বরে আরও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে এবং সেগুলোর পরিচর্যার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ পালন করবে বলে জানান ডাঃ তরুণ কুমার পাল।

