মো. রাশেদুল ইসলাম (নাটোর): বেতন-ভাতা বৃদ্ধিসহ দুই দফা দাবিতে নাটোরে মানববন্ধন করেছেন জেলা শাখার ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে নাটোর পুরাতন বাসস্ট্যান্ডে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, মো. আল মামুন, আব্দুল মান্নান, আব্দুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন, যা বর্তমান বাজারদরের তুলনায় অত্যন্ত অপ্রতুল।
তাদের দুই দফা দাবির মধ্যে রয়েছে- বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।
বক্তারা আরও জানান, সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ থেকেই ডাকঘরগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হচ্ছে।
দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। অন্যথায় সারাদেশে ডাকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

