সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নাটোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মো. রাশেদুল ইসলাম (নাটোর): ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, বিআরডিবির উপপরিচালক জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম. এ. হান্নানসহ বিভিন্ন উপকারভোগী।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রাণ হচ্ছে গ্রাম। দেশের অর্থনীতি, কৃষি, খাদ্য নিরাপত্তা ও সামাজিক উন্নয়নের মূল ভিত্তি হলো পল্লী অঞ্চল। তাই পল্লীর উন্নয়ন ছাড়া টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান, নিরাপদ পানি, স্যানিটেশন এবং তথ্যপ্রযুক্তির সুবিধা নিশ্চিতের মাধ্যমে গ্রামকে আধুনিক ও স্বনির্ভর করে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, পল্লী উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিভিন্ন উন্নয়ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বোপরি সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুবসমাজ ও নারীদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *