আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী আয়মারসুলপুর ইউনিয়নকে মাদকমুক্ত এবং খেলাধুলামুখী সমাজ হিসেবে গড়ে তুলতে স্থানীয় যুবকদের হাতে ফুটবল তুলে দিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. হামিদুর রহমান।
রোববার বিকেলে রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেন তিনি।
এ সময় তিনি যুবকদের উদ্দেশে বলেন, “অবসর সময়ে তোমরা মাঠে খেলাধুলায় মগ্ন থাকলে মাদক থেকে দূরে থাকবে। খেলাধুলার মাধ্যমেই একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত আয়মারসুলপুর গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “তোমাদের দোয়া ও সহযোগিতায় আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নের প্রতিটি গ্রামে সুন্দর খেলার পরিবেশ সৃষ্টি করব।”
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. হযরত আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রাজু আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও তরুণরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনীতির পাশাপাশি যুবসমাজের উন্নয়নে হামিদুর রহমানের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহিত করবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান নিজ হাতে যুবকদের মধ্যে ফুটবল বিতরণ করেন এবং নিয়মিত মাঠে খেলাধুলা করার আহ্বান জানান।

