বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ফলিয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ ১৮ বছর ধরে কাঁচা ও বেহাল অবস্থায় রয়েছে। সড়কটি দ্রুত পাকাকরণের দাবিতে স্থানীয় পাঁচটি গ্রামের হাজারো মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, গত ১৮ বছর ধরে সড়কটি পাকাকরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন জানানো হয়েছে। প্রতিবারই নির্বাচনের আগে ও পরে সাবেক সংসদ সদস্যরা সড়কটি দ্রুত পাকা করে দেওয়ার আশ্বাস দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ফলে বছরের পর বছর ধরে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, পলাশবাড়ী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ফলিয়া পর্যন্ত সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। সড়কটি পাকা হলে স্থানীয় পাঁচটি গ্রামের মানুষ সহজেই স্বল্প সময়ে পীরগঞ্জের চতরা এলাকায় যাতায়াত করতে পারবেন। পাশাপাশি কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বর্তমানে সামান্য বৃষ্টিতেই কাঁচা সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে জরুরি রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে তারা শুধু আশ্বাসই পেয়েছেন, কিন্তু বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। তারা দ্রুত সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
এলাকাবাসীর আশা, দ্রুত সড়কটি পাকাকরণ করা হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং পাঁচটি গ্রামের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

