নাটোর: নাটোরের সিংড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। রোববার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টিফিন বিরতির সময় বালুয়া বাসুয়া এলাকার ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় চৌগ্রাম এলাকার গৌতম নামের এক যুবক জোরপূর্বক তাকে একটি ফাঁকা বাড়িতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছাত্রীটি চিৎকার করে এবং অভিযুক্তকে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণধোলাই দেন। পরে তাকে সিংড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। অভিযুক্তের নাম গৌতম। এ ঘটনায় শ্লীলতাহানির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

