দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামে এক প্রবাসী পরিবারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৫ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা বাড়ির মূল দরজার তালা কেটে ঘরে প্রবেশ করে। এরপর ঘরের আসবাবপত্র ভাঙচুর করে তছনছ চালায়। পরে আলমারি ও অন্যান্য সংরক্ষিত স্থান থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানান।
ভুক্তভোগী কাশেম খা জানান, তিনি উপজেলার চর কুসুমহাটি গ্রামের মৃত আলফু খানের ছেলে। তার চার ছেলের মধ্যে দুইজন যুক্তরাজ্য এবং দুইজন কাতারে প্রবাসী। শুক্রবার দুপুরে তিনি ও তার স্ত্রী ব্যক্তিগত কাজে ঢাকার বাসায় যান। রোববার (৫ জুলাই) ভোরে প্রতিবেশীদের কাছ থেকে ফোনে জানতে পারেন, তাদের বাড়িতে চুরি হয়েছে। বাড়িতে এসে দেখেন, দরজার তালা কেটে ঘরে প্রবেশ করা হয়েছে এবং ঘরের আসবাবপত্র তছনছ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ঘরে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৫ লাখ টাকা চুরি হয়েছে।
দোহার থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বর্মন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

