নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখোর এলাকায় প্রায় ১ দশমিক ৫০ কিলোমিটার খালের পাশ থেকে অবৈধভাবে খালের মাটি উত্তোলন ও বিক্রির প্রতিবাদে শনিবার দুপুরে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এলাকার প্রভাবশালী একটি পক্ষ দীর্ঘদিন ধরে খালের মাটি কেটে বিক্রি করায় খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বর্ষা মৌসুমে এতে জলাবদ্ধতা ও ভাঙনের ঝুঁকি বাড়ছে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা অবিলম্বে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং খাল রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী আব্দুল লতিফ সোনার ও বাবলু সোনার অবৈধভাবে খালের মাটি বিক্রি করছেন। এছাড়া তারা বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিএ আলমগীর-এর নাম উল্লেখ করে অভিযোগ উত্থাপন করেন।

