সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুমারখালিতে গণঅধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

কুমারখালিতে গণঅধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালিতে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণঅধিকার পরিষদ কুমারখালি উপজেলা নবগঠিত কমিটির পরিচিতি সভা এবং পৌর কমিটি বাস্তবায়নের লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে কুমারখালি উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে কাঙাল হরিনাথ মজুমদার অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ যুব অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ এবং কুমারখালি উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু।

সভায় সভাপতিত্ব করেন কুমারখালি উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হারুনুর রশিদ হারুন এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সোলায়মান মণ্ডল।

এ ছাড়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ খান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা, গণসংস্কৃতি পরিষদের সভাপতি ডা. এস. এম. সবুজ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিপ্লব হোসাইন, খোকসা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আফজাল হোসেন ও সদস্যসচিব তরিকুল ইসলাম, কুমারখালি পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক নাসিরুল ইসলাম নাসির ও সদস্যসচিব মিলন, কুমারখালি থানা কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলামসহ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং নবগঠিত কমিটিকে স্বাগত জানানো হয়। পরে সভায় নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরা হয় এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। একই সঙ্গে কুমারখালি পৌর কমিটি দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় প্রধান আলোচক আব্দুল খালেক বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কার্যক্রমকে আরও বেগবান করতে সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, রাজনীতি হবে জনগণের কল্যাণে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায়। সেই লক্ষ্য বাস্তবায়নে গণঅধিকার পরিষদের প্রতিটি নেতাকর্মীকে সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে।

প্রধান অতিথি শাকিল আহমেদ তিয়াস বলেন, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আমরা আজ একত্রিত হয়েছি। নবাগত কমিটির পরিচিতি সভা শুধু পরিচয়ের আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের দায়িত্ব, ঐক্য এবং জনগণের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

তিনি আরও বলেন, তৃণমূলের মানুষের অধিকার আদায়, তাদের সমস্যার কথা তুলে ধরা এবং জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমাদের মানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *