নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে একটি অসাধু চক্র। অবৈধভাবে এসব জমির মাটি বিক্রি করে অসাধু চক্রটি মুনাফা লুটছে। তবে এতে ফসলি জমি ধ্বংসের মুখে পড়ছে বলে অভিমত ব্যক্ত করেছেন সচেতন মহল।
নলডাঙ্গা উপজেলা প্রশাসনের নাকের ডগায় অবৈধ এই ভূমি বিনষ্টকারীদের রমরমা কারবার চললেও প্রশাসনের উদাসীনতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদাখলসী কুমিল্লাপাড়া গ্রামে রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কাটার মহোৎসব চলছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করার পরও রহস্যজনকভাবে বন্ধ হচ্ছে না এই অবৈধ মাটি ব্যবসা।
মাঝেমধ্যে দু-একটি স্থানে অভিযান চালিয়ে এক্সকাভেটরের ব্যাটারি জব্দ এবং জরিমানা করা হলেও, পরে ব্যাটারি ফেরত পেয়ে পুনরায় শুরু হচ্ছে ভূমি বিনষ্টের কার্যক্রম।
কৃষক ও সচেতন মহলের দাবি, ফসলি জমি রক্ষায় অবৈধ এই ভূমি বিনষ্টকারী চক্রের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে নলডাঙ্গা উপজেলার কৃষিজমির পরিমাণ কমে যেতে পারে, যা ভবিষ্যতে কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব ফেলবে।

